মাটিরাঙ্গায় তিন ইউপিডিএফ সদস্যকে আটকের নিন্দা ও প্রতিবাদ, নিঃশর্ত মুক্তির দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক তিন ইউপিডিএফ সদস্যকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, ‘ইউপিডিএফের তিন সদস্য হ্লাপ্রুসাই মারমা(৩০) তেজেন্দ্র চাকমা(২৭) ও বিশ্ব ত্রিপুরা(২৮) সাংগঠনিক কাজ শেষে গতকাল রাতে মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত রেখুং পাড়ার এক গ্রামবাসীর বাড়িতে অবস্থান করে রাতযাপন করছিলেন। আজ ভোররাত আনুমানিক ৩:৩০টার সময় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন থেকে একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে তাদের তিন জনকে ঘুম থেকে তুলে অন্যায়ভাবে আটক করে মাটিরাঙ্গা সেনা জোনে নিয়ে যায়। এরপর সেখানে চোখ-হাত বেঁধে দিয়ে দীর্ঘক্ষণ ধরে তাদের ওপর অমানুষিক শারিরীক নির্যাতন চালানোর পর তাদেরকে থানায় হস্তান্তর হয়েছে।’
বিবৃতিতে অংগ্য মারমা উদ্বেগ প্রকাশ করে বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমনের লক্ষ্যে সেনাবাহিনী ইউপিডিএফের নেতা-কর্মীদেরকে অন্যায়ভাবে আটক, বিচার বহির্ভুত হত্যা ও নিপীড়ন-নির্যাতন করছে। এতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
তিনি শত দমন-পীড়নে চালিয়েও ইউপিডিএফের নেতৃত্বে চলমান গণআন্দোলন দমন করা যাবে না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, সকল বাধা-বিপত্তি মোকাবেলা করে ইউপিডিএফ আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর।
বিবৃতিতে তিনি অবিলম্বে ইউপিডিএফের ওপর রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করা, আটক তিন ইউপিডিএফ সদস্যকে নিঃশর্ত মুক্তি ও সেনাশাসন “অপারেশন উত্তরণ” প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
