শোক সংবাদ

হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন চবি’র নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জীবক চাকমা

0
জীবক চাকমা। সংগৃহিত ছবি


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী জীবক চাকমা (২০) হঠাৎ অসুস্থ হয়ে (ব্রেইন স্ট্রোকজনিত কারণে) মৃত্যুবরণ করেছেন।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আবদুল্লাহ হোসেন।

জীবক চাকমা রাঙামাটির নান্যাচর উপজেলার রামহরি পাড়ার বাসিন্দা রবিলেন্দু চাকমার ছেলে। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের দিন পর্যন্ত তিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন। তার এই হঠাৎ মৃত্যুতে সহপাঠী, বন্ধু-বান্ধব ও পরিবরের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে নিজের পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন জীবক চাকমা। পরে সহপাঠীরা দ্রুত তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তাকে মেডিকেল সেন্টারে আনা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা হিসেবে অক্সিজেন দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক এবং নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, জীবন চাকমার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। আগামী ১৬ এপ্রিল থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

এদিকে, জীবক চাকমার মৃত্যুতে এক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার।

* তথ্যসূত্র: অনলাইন সংবাদ মাধ্যম



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More