রাঙামাটির কুদুকছড়িতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কুদুকছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিকাল ৩টার সময় পিসিপি’র রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
“সরকারি বিপ্লবীদের ভণ্ডামির মুখোশ খুলে দিন, সেনা-শাসকগোষ্ঠীর দোসর, প্রতিক্রিয়াশীল দালালদের বিরুদ্ধে ছাত্রসমাজ এক হও, লড়াই করো” এই আহ্বান সম্বলিত শ্লোগাানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেন পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতি চয়ন চাকমা এবং সভা সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক ঝিমিত চাকমা।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিফ)-এর সংগঠক বিবেক চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিতা চাকমা।
আলোচনা সভা শুরুতে জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মরণ করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রত্যেক দেশে জাতীয় মুক্তি সংগ্রামে ছাত্র সমাজ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে থাকে। সমাজে অন্যায়, অবিচার ,নিপীড়ন- নির্যাতনের প্রতিবাদে এবং পরাধীনতা থেকে একটি জাতিকে মুক্ত করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদী ছাত্র সমাজ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজও এ অঞ্চলের নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন জারি রেখেছে।
বক্তারা আরো বলেন, ১৯৮৯ সালে ৪ঠা মে লুংগুদু গণহত্যার প্রতিবাদের মধ্য দিয়ে সে বছর ২০ মে জন্ম নেওয়া বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৭ বছরে যেমন গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, তেমনি রয়েছে এই সংগঠনের সাথে লড়াই করতে গিয়ে আত্মোৎসর্গকারী দীর্ঘ শহীদের নামের তালিকা। ১৯৮৯ সালে জন্ম নেওয়া পাহাড়ি ছাত্র পরিষদের এই পথ চলা এত সহজ ছিল না। জন্মলগ্ন থেকে সুবিধাবাদী, দালাল-প্রতিক্রিয়াশীল ও শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই-সংগ্রাম করতে হয়েছে।

বক্তারা বলেন ২০১৭ সালের ১৯ এপ্রিল সেনা হেফাজতে ছাত্রনেতা রমেল চাকমা হত্যার বিচার এখনো হয়নি। ২০১৮ সালে খাগড়াছড়ির স্বনির্ভরে পিসিপি নেতা তপন, এল্টনসহ ৭ জনকে হত্যা ও ২০২৩ সালের ১১ ডিসেম্বর পানছড়িতে সুনীল, বিপুল, লিটন, রুহিনদের নারকীয় হত্যার ঘটনায় জড়িত সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা এখনো প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বক্তরা সরকারপন্থীদের খপ্পড় থেকে পিসিপি’র হৃত গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পতাকাতলে সকল ছাত্র সমাজকে সমবেত হয়ে লড়াই-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
