রামগড়ে আচলং পাড়া বিদ্যালয় মাঠে দক্ষিণ গুজা পাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির রামগড় উপজেলার আচলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে দক্ষিণ গুজা পাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় গুজা পাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়সহ আশপাশের বিভিন্ন পাড়ার ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এলাকার বিভিন্ন পাড়ায় ১৬টি টিমের অংশগ্রহণে প্রায় মাসব্যাপী এ টুর্নামেন্ট চলবে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
টুর্নামেন্টের আয়োজন বিষয়ে আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা দেওয়া, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত প্রকাশ করেন।
টুর্নামেন্টকে ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এলাকার তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
এদিকে, খেলোয়াড়দের উৎসাহ ও ক্রীড়া কার্যক্রমকে সহযোগিতা করার অংশ হিসেবে ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর পক্ষ থেকে আয়োজক কমিটির কাছে একটি ফুটবলসহ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

এ সময় গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় শাখার সাংগঠনিক সম্পাদক নতুন কুমার ত্রিপুরা বলেন, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার নেতা সুরেশ ত্রিপুরা বলেন, ফুটবল শুধু বিনোদনের বিষয় নয়, এটি তরুণদের মধ্যে বন্ধুত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে। এলাকার যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউপিডিএফ সংগঠক ইস্যা চাকমা বলেন, গ্রাম-পাড়ার তরুণদের প্রতিভা বিকাশের জন্য নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
