লক্ষীছড়িতে বর্ষায় চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ

লক্ষীছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
শনিবার, ২৭ জুন ২০২৬
বর্ষাকালে শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলাধীন ১নং লক্ষীছড়ি ইউনিয়নের অন্তর্গত রক্তছড়ি হতে দন্ডিপাড়া যাওয়ার পথে ছড়ার ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ জুন ২০২৬) ইউপিডিএফের স্থানীয় ইউনিট ও জনগণের উদ্যোগে এই সাঁকোটি নির্মাণ করা হয়।

স্থানীয়রা জানান, বর্ষাকালে ছড়ার পানি বৃদ্ধির কারণে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে ব্যাঘাত ঘটে। তাই এই সমস্যা নিরসন এবং ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইউপিডিএফের স্থানীয় ইউনিট ও এলাকাবাসী যৌথভাবে সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এবং তা বাস্তবায়ন করে।

স্থানীয়রা বলেন, সাঁকোটি নির্মিত হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে।
ইউপিডিএফের স্থানীয় ইউনিটের নেতৃবৃন্দ বলেন, জনগণের পার্টি হিসেবে ইউপিডিএফ সর্বদা জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে। এই পার্টি গঠনলগ্ন থেকে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনগণের কল্যাণে নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
