সাজেকে আন্দোলনরত জনতার ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাঙামাটি জেলার সাজেকে সড়ক অবরোধকারী জনতার ওপর সেনাবাহিনীর নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।

ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেছেন, “সাজেকে গুলি বর্ষণের ঘটনা সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের নগ্ন চিত্রকে উন্মোচিত করেছে।”

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “পার্বত্য চট্টগ্রামে বহু বছর ধরে রাষ্ট্রীয় দমন-পীড়ন অব্যাহত রয়েছে। পাহাড়ি জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দমন করতে ‘সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী’ তকমা লাগিয়ে সেনাবাহিনী কর্তৃক প্রতিনিয়ত নির্যাতন, গুলি বর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। বিএনপি সরকার গঠনের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বলেছিলেন, ‘পাহাড়ে শতভাগ মানবাধিকার নিশ্চিত করা সম্ভব না’। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক জীবনের সুরক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এটি পাহাড়ি জনগণের ওপর দমন-পীড়নের প্রকাশ্যে আইনি বৈধতা দেওয়ার সামিল। ফলে দেখা গেছে খাগড়াছড়ি ও গুইমারাতে বিচারবিহীন হত্যাকাণ্ডের পর আজ সেনাবাহিনী সাজেকে জনগণের ওপর লাঠিচার্জ ও গুলি করেছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “রাষ্ট্রীয় সেনাবাহিনী তাদের গণবিরোধী কর্মকাণ্ডে সম্মতি উৎপাদনের লক্ষ্যে নিজেদের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ও প্রক্সি গ্রুপ সৃষ্টি করে পাহাড়ে অরাজকতা জারি রাখার চেষ্টা চালাচ্ছে। আজ সাজেকবাসী জননিরাপত্তা নিশ্চিত, সেনাপোষ্য সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তল্লাশি ও হয়রানিসহ ৩ দফা দাবি জানিয়ে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ অবরোধ পালন করছিল। এতে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। সেনাবাহিনীর এই বর্বর হামলায় অন্তত ৬০ জনের অধিক আহত হয়েছে বলে জানা গেছে।”

ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেন, “সাজেকে গুলি বর্ষণের ঘটনা সেনাবাহিনী কর্তৃক পাহাড়িদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের নগ্ন চিত্রকে উন্মোচিত করেছে। তাদের বর্বরোচিত হামলা এটাই প্রমাণ করে, আজ দেশের সর্বত্র জনগণের গণতান্ত্রিক অধিকার প্রশ্নবিদ্ধ।

বিবৃতিতে সাজেকের জনগণের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, “গণতান্ত্রিক ছাত্র জোট, সাজেকের জনগণের ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। একই সাথে সাজেকের উজোবাজারে আন্দোলনকামী জনগণের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি বর্ষণের সঙ্গে জড়িত সেনা সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।”

বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে সাজেকে চলমান সেনাবাহিনী দ্বারা সৃষ্ট কৃত্রিম সংকট বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাহরিয়ার খন্দকার আলিফ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি সমর চাকমা এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দীন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More