সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙামাটির ২১ জন হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাঙামাটির ২১ জন হেডম্যান, কার্বারি এবং বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি জেলার অন্যতম পর্যটন এলাকা সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর বিনা উস্কানিতে হামলা, লাঠিচার্জ, উজোবাজারে পাহাড়িদের দোকান ও বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি করেছেন।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) এক যুক্ত বিবৃতিতে হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা বলেন, “বাংলাদেশের প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার রয়েছে। গত ২২ অক্টোবর ২০২৬ সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলেন। এর আগেও তারা ১১ অক্টোবর থেকে দু’ দফায় শান্তিপূর্ণভাবে কোন অঘটন ছাড়া একই পর্যটন সড়কে অবরোধ পালন করেছিলেন। কিন্তু এবারের তৃতীয় দফার অবরোধ শান্তিপূর্ণভাবে চললেও তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে ৭০ জনকে আহত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
“আমরা মনে করি সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে সংঘাতময় পরিস্থিতি জারী রাখতে একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, এ ব্যাপারে সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে”- বিবৃতিতে বলেন তারা।
বিবৃতিতে তারা বলেন, “আমরা আরও মনে করি উগ্র বলপ্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ গণ আন্দোলন দমন করতে চাইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তাই সরকারের উচিত আন্দোলনকারীদের সাথে আলোচনার উদ্যোগ গ্রহণ করে তাদের ন্যায্য দাবি পূরণে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা।”
বিবৃতিতে তারা আরও বলেন, “আমরা সাজেকবাসীর মৌলিক গণতান্ত্রিক অধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একই সাথে হামলায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, লুটপাটের শিকার ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও সাধারণ জনগণকে হয়রানি করা থেকে বিরত থাকার দাবি জানাচ্ছি।”
বিবৃতিতে স্বাক্ষর করেন- ১। রনি দেওয়ান, হেডম্যান, ৬৯নং ঘিলাছড়ি মৌজা; ২। অমিত দেওয়ান, হেডম্যান,৭২ নং বুড়িঘাট মৌজা; ৩। জোনাকি দেওয়ান, হেডম্যান, ৭০ নং হাজাছড়ি মৌজা; ৪। উদয়ন দেওয়ান, হেডম্যান, ৬৯ নং মাইসছড়ি মৌজা; ৫। কুমেন্টু চাকমা, সাবেক ভাইস চেয়ারম্যান নানিয়াচর উপজেলা; ৬। আলো জীবন চাকমা, বিশিষ্ট সমাজ সেবক, দক্ষিণ মরাচেঙ্গী, নানিয়াচর; ৭। শান্তনা খীসা, কার্বারী, রামহরি পাড়া, নানিয়াচর; ৮। ত্রিপন চাকমা, কার্বারী, ঘিলাছড়ি, নানিয়াচর, ৯। রুপক চাকমা, ইউপি সদস্য, ৮নং ওয়ার্ড, ২নং নানিয়াচর; ১০। দিগন্ত চাকমা, ইউপি সদস্য, ৯ নং ওয়ার্ড, ২নং নানিয়াচর ইউপি; ১১। কালেন্দু চাকমা, কার্বারী, আজাছড়ি, কুদুকছড়ি, রাঙামাটি সদর উপজেলা; ১২। শিশু রঞ্জন চাকমা, কার্বারী, গর্জনতুলী, নানিয়াচর; ১৩। শিশু ময় চাকমা,কার্বারী, কাঠালতুলী, নানিয়াচর; ১৪। সোনা মুনি চাকমা, কার্বারী, লাঙ্গেল পাড়া, নানিয়াচর; ১৫। সুশান্তি চাকমা, কার্বারী, শনখোলা পাড়া, নানিয়াচর; ১৬। শোভা রঞ্জন চাকমা, ইউপি সদস্য, সাবেক্ষং ইউনিয়ন, নানিয়াচর; ১৭। জীবন চাকমা, সাবেক ইউপি সদস্য, ১নং সাবেক্ষং ইউনিয়ন, নানিয়াচর; ১৮। লক্ষী রানী চাকমা, ইউপি সদস্যা, ১নং সাবেক্ষং ইউনিয়ন; ১৯। সেন্ট্রো চাকমা, সাবেক ইউপি সদস্য,নানিয়াচর ইউনিয়ন; ২০। ভুবন জয় চাকমা, ইউপি সদস্য,২নং সাবেক্ষং ইউনিয়ন; ২১। রিপেন চাকমা, সাবেক ইউপি সদস্য, ২নং সাবেক্ষং ইউনিয়ন, নানিয়াচর, রাঙামাটি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
