সেনা পাহারায় ফুরমোনের পার্শ্ববর্তী স্থানে সন্তু গ্রুপের অবস্থান

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সংগঠন তথাকথিত জুম্ম লিবারেশন আর্মির একটি ছোট দল বাংলাদেশ আর্মির পাহারায় রাঙামাটি জেলার সাপছড়ি ইউনিয়নের ফুরমোনের কাছে নারেইছড়ি নামক গ্রামে অবস্থান করছে বলে জানা গেছে।

ফুরমোন আর্মি ক্যাম্প থেকে সন্তু গ্রুপের ৩২ জনের উক্ত সশস্ত্র দলটির অবস্থান বেশি দূরে নয়, মাত্র কয়েক মিনিটে সেখানে যাওয়া যায়। গতকাল (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে তারা সেখানে অবস্থান করছে।

কাউখালি উপজেলার ঘাগড়া-রাঙ্গুনীয়া সীমান্তবর্তী এলাকা থেকে সশস্ত্র দলটি ১৪ সেপ্টেম্বর রওনা দেয়। সেদিন তারা ঘাগড়ার চেলাছড়া-জুনুমাছড়ার মধ্যবর্তী একটি জায়গায় রাত্রিযাপন করে।

তার আগে তাদের যাত্রা নিরাপদ করতে ঘাগড়া চাম্পাতলি ক্যাম্প থেকে বাংলাদেশ আর্মির একটি দল ১১ সেপ্টেম্বর চেলাছড়ার উত্তরে হারাঙ্গীতে টহল দেয় এবং এদিন রাতে সেখানে অবস্থান করার পর ১২ সেপ্টেম্বর ক্যাম্পে ফিরে যায়।

এর দু’দিন পর জেএসএসের সন্তু বাহিনী চেলাছড়া-জুনুমাছড়ায় অবস্থান নেয়। গতকাল সকাল আনুমানিক ৬টার সময় তারা সেখান থেকে ফুরমোন আর্মি ক্যাম্পের পাশ দিয়ে (দক্ষিণ দিক) নারেইছড়িতে চলে যায়।

এই এলাকাটি তাদের পূর্বের অবস্থান ঘাগড়া-রাঙ্গুনীয়া সীমান্তবর্তী চৌচলা থেকে পূর্ব দিকে। অর্থাৎ তারা আক্রান্ত হওয়ার ভয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সরে গিয়েছিল।

তারা ফুরমোন ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় আর্মিরা তাদের পিছু না নিয়ে বরং উল্টো পশ্চিম দিকে যায়, যাতে তারা পিছন দিক থেকে হামলার শিকার না নয়।

এছাড়া সন্তু গ্রুপকে নিরাপত্তা দেওয়ার জন্য গতকাল সকালে কুদুকছড়ি আবাসিক স্কুলে ৪০ জন, সাপছড়ি কলেজে ১৫ জন, পশ্চিমে মিদিঙ্যাছড়ি স্কুলে ৪০ জন এবং নভাঙা স্কুলে ২০ জন বাংলাদেশ আর্মির সদস্য অবস্থান নেয়।

তারা আজও সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।

ফুরমোন এলাকার এক গরীব জুমচাষী ব্যঙ্গ করে এই প্রতিবেদককে বলেন, “জুম্ম লিবারেশন আর্মি বাংলাদেশ আর্মির সহযোগিতায় জাত উদ্ধারে নেমেছে। শীঘ্রই জুম্ম জাতির মুক্তি আসবে।”



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More