২৫ অক্টোবরের মধ্যে চার দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ নিতে লক্ষীছড়ি ইউএনও’র বরাবরে নারী সংঘের চিঠি

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিশেষ নারী সম্মেলনে প্রশাসনের কাছে উত্থাপিত ৪ দফা দাবি আগামী ২৫ অক্টোবরের মধ্যে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে এবং বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের কর্মসূচি সম্পর্কে অবহিতকরণের জন্য লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে চিঠি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) নারী সংঘের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জনিতা চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন। তবে এ সময় ইউএনও কার্যালয়ে উপস্থিত না থাকায় তাঁর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান চিঠিটি গ্রহণ করেন।

চিঠিতে স্বাক্ষর করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক অংক্রই মারমা।

চিঠিতে বলা হয়, … গত ১০ অক্টোবর ২০২৬, রোজ শনিবার খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়ি ইউনিয়নে এক বিশেষ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে চার দফা দাবি উত্থাপিত ও গৃহীত হয়েছে, যা আপনার প্রশাসনকে পূরণ করতে হবে। দাবিগুলো হলো নিম্নরূপ:

১) গণদুশমন, সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামী উৎপল চাকমা ও দূর্জয় চাকমা গংদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ঠ্যাঙাড়ে বাহিনীর চাঁদাবাজি, উৎপাত ও হয়রানি বন্ধ করতে হবে।

২) এলাকায় সেনাবাহিনীর অপারেশন ও টহলের নামে নিরীহ জনগণের বাড়িতে তল্লাশি, লুটপাট, হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।

৩) গত ৩ অক্টোবর বর্মাছড়ির দেওয়ান পাড়া ও বৈদ্য পাড়ায় বসন্ত চাকমা ও বৃষ কুমার চাকমাকে নির্যাতন এবং অসুস্থ নাতনীকে সেবা শুশ্রূষা করতে ও ঔষধ খাওয়াতে বৃষ কুমার চাকমাকে বাধাদানের সাথে জড়িত সেনা মেজরকে শাস্তি দিতে হবে।

৪) সাধারণ খেটে খাওয়া জনগণকে নিজেদের লাগানো গাছ বাঁশ বিক্রিতে বাধা প্রদান ও জব্দ করে তাদেরকে ভাতে মারার নীতি বন্ধ করতে হবে।

এতে বলা হয়, “আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে উক্ত চার দফা দাবি মেনে নেওয়া না হলে মিছিল, সমাবেশ, মানববন্ধন, রোড মার্চ, অবস্থান ধর্মঘট, অবরোধ ও বাজার বয়কটের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”

উক্ত চার দফা দাবি পূরণ কল্পে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অত্র উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয় চিঠিতে।

প্রতিনিধি দলে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ লক্ষীছড়ি উপজেলা সভাপতি জনিতা চাকমা, সহসভাপতি রূপা সোনা চাকমা ও সাধারণ সম্পাদক অংক্রই মার্মা এবং ৩নং বর্মাছড়ি ইউনিয়ন কমিটির সভাপতি সমিতা চাকমা (মহিলা মেম্বার) প্রমুখ উপস্থিত ছিলেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More