কাউখালীর বেতবুনিয়ায় জনৈক শিক্ষকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ সেনা সদস্যদের বিরুদ্ধে

0
শীলছড়ি এলাকায় টহল দিচ্ছে সেনা সদস্যরা। ছবি: প্রতিনিধি

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের শীলছড়ি উচ্চ বিদ্যালয়ের জনৈক শিক্ষকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৬ আগস্ট ২০২৬) গোদারপাড় আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ১২ জনের একটি দল বেতবুনিয়া ইউনিয়নের শীলছড়ি উচ্চ বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। তারা বিদ্যালয়ের বাইরে তাঁবু খাটিয়ে রাতে অবস্থান করে। এ সময় রাতের অন্ধকারে তারা এলাকার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে বা টহল দেয়।

আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে জানা যায়, ওই বিদ্যালয়ের এক শিক্ষক সেনাদের কাছ থেকে ‘আপনারা কতদিন অবস্থান করবেন’ এমন কথা জানতে চাওয়ার কারণে সেনা সদস্যরা তার সাথে দুর্ব্যবহার করেছে।

ভুক্তভোগী শিক্ষকের বরাতে অপর আরেক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী রবিবার (৯ আগস্ট) বিদ্যালয় খোলা থাকবে। সে কারণে ওই শিক্ষক সাধারণভাবে সেনাদের কাছ থেকে জানতে চায় যে, তারা সেখানে কতদিন অবস্থান করবেন। কিন্তু তাঁর জানতে চাওয়াটা যেন অপরাধ হয়েছে। সেনারা উল্টো তাকে কেন, কি কারণে এটা জানতে চেয়েছে তার জন্য তার সাথে দুর্ব্যবহার ও রুঢ় আচরণ করে।

এছাড়া ওই শিক্ষকের কাছ থেকে সেনারা ইউপিডএফের বিষয়েও নানা প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে হয়রানি করেছে জানা গেছে।

একজন শিক্ষকের সাথে সেনা সদস্যদের এ ধরনের আচরণ মোটেই কাম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ রিপোর্ট লেখার সময় (সকাল আনুমানিক সাড়ে ১০টা) পর্যন্ত সেনা দলটি পায়ে হেঁটৈ কালাগাজি-চৌধুরী পাড়ার দিকে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More