দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক এক যুবককে নির্যাতন-আটক, স্থানীয়দের প্রতিবাদে মুক্তি

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৮ মে ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক রাসেল চাকমা (২৫) নামে এক যুবককে নির্যাতনের পর আটক করে কোমড়ে দড়ি বেঁধে রামহুচ ছড়ায় নিয়ে যায়। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে সেনারা তাকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (১৮ মে ২০২৬) বিকালে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী রাসেল চাকমার পিতার নাম বুদ্ধ রঞ্জন চাকমা। তার বাড়ি শুকনোছড়ার বটতলা গ্রামে। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক বলে স্থানীয়রা জানিয়েছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৪টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে একটি পিক-আপে করে একদল সেনা সদস্য শুকনোছড়ায় যায়। সেখানে গাড়িটি রেখে তারা পায়ে হেঁটে রামহুচ ছড়ার দিকে রওনা দেয়। এ সময় বটতলা গ্রামের বাসিন্দা রাসেল চাকমা তাদের কলাবাগান থেকে বিক্রির জন্য কলার ছড়ি আনতে যায়। সেনারা যাবার পথে তাকে নাগাল পেয়ে তার কাছ থেকে কলার ছড়ি বহনের কাজে ব্যবহৃত বাঁশের খন্ডটি তাদেরকে দিতে বলে। কিন্তু তিনি সেটা না দিলে সেনা দলটির দায়িত্বরত জনৈক কমান্ডার রাসেলকে শারীরিকভাবে নির্যাতন করে। কিন্তু এতেও ক্ষান্ত না হয়ে সেনারা তাকে আটক করে কোমরে দড়ি বেঁধে রামহুচ ছড়ায় নিয়ে যায়।  

পরে তাকে আটকের খবরটি এলাকাবাসীর কাছে জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ৪০-৫০ জন নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে সেনাদের অবস্থানস্থল রামহুচ ছড়ায় গিয়ে রাসেলকে আটকের তীব্র প্রতিবাদ জানায় এবং তাকে সেনাদের হেফাজত থেকে মুক্ত করে নিয়ে আসেন।

এদিকে সেনা দলটি রান্না-বান্নার প্রয়োজনীয় সরঞ্জামসহ রামহুচ ছড়ায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ মে দীঘিনালা জোনের একদল সেনা সদস্য উক্ত স্থানে গিয়ে একটি পরিত্যক্ত প্রাইমারী স্কুল ঘরে দুই দিন অবস্থান করেছিল। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More