সাজেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক জনগণের মোবাইল ফোন জব্দ করার অভিযোগ

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সাজেকের ভুয়োছড়ি, লামাবাক, উজ্জেংছড়ি এলাকার জনগণের মোবাইল ফোন জব্দ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সন্ত্রাসীরা যে কাউকে ইউপিডিএফের লোকজনের সাথে কথা বলার প্রমাণ পেলে তাকে ‘মেরে ফেলা হবে’- এমন হুমকি প্রদান করছে। ফলে এলাকার জনগণ খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন।
অভিযোগ রয়েছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় জেএসএস সন্তু গ্রুপের সদস্যরা রুইলুই পর্যটন কেন্দ্রের পাশে অবস্থিত দাড়িপাড়া থেকে গাড়ি যোগে এসে মাচলং আর্মি ক্যাম্পের পাশে নেমে পড়ে এবং ব্রিজ পাড়া, নুও পাড়া ও শিবপাড়ায় অবস্থান নেয়। সেই পর থেকে তারা বিভিন্ন এলাকায় অতর্কিতে প্রবেশ সশস্ত্র সন্ত্রাস চালাচ্ছে, লোকজনকে হুমকি দিচ্ছে এবং গ্রামবাসীর সম্পত্তি নষ্ট করছে। গত ২৯ সেপ্টেম্বর নুও পাড়া এলাকায় তাদের বেপরোয়া গুলি বর্ষণে কস্মিতা ত্রিপুরা নামে আট বছরের এক শিশু আহত হয়েছে। এছাড়া গত ১০ অক্টোবর সন্ত্রাসীরা মাচলং মন্দিরছড়া এলাকায় জুমচাষীদের দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে এলাকাবাসী সর্বক্ষণ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে।
তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ব্যানারে সাজেকবাসী বিক্ষোভসহ অবরোধ কর্মসূচি পালন করেছেন। কিন্তু এখনো সন্ত্রাসীরা বহাল তবিয়তে থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
