সাজেকে সেনাবাহিনীর হামলায় শতাধিক পাহাড়ি আহতের অভিযোগ করেছে এসিএইচআর

0


আন্তর্জাতিক ডেস্ক, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার সাজেকে বাংলাদেশ সেনাবাহিনীর হামলায় শতাধিক পাহাড়ি আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (ACHR)। গতকাল ২২ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে বলে সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আহতদের চিকিৎসা নিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

এসিএইচআর-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ব্যানারে স্থানীয় পাহাড়ি আদিবাসীরা বিভিন্ন সময়ে সড়ক অবরোধ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের অপসারণের দাবি জানিয়ে আসছেন। ২২ অক্টোবর পুনরায় অবরোধ শুরু হলে দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে শতাধিক মানুষ আহত হন বলে দাবি করেছে সংস্থাটি।

সংস্থাটির গবেষণা বিভাগের প্রধান তেজাং চাকমা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত একটি দেশে সশস্ত্র তৎপরতার অভিযোগে অভিযুক্ত কোনো সংগঠনের নেতার আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পরিষদের নেতৃত্বে থাকার বিষয়টি পর্যালোচনা করা জরুরি।

 তিনি পিসিজেএসএসের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা নামে পরিচিত, তাঁর নেতৃত্ব এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তেজাং চাকমা আরও বলেন, পিসিজেএসএসের সশস্ত্র তৎপরতার বিষয়টি বিভিন্ন আইনি নথি ও গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এ প্রসঙ্গে তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর গৌহাটি হাইকোর্টে National Investigation Agency v. Rohmingliana মামলার রায়ের কথা উল্লেখ করেন। ওই মামলায় ভারতের মিজোরামের আইজলে পিসিজেএসএসের তিন সদস্যের কাছ থেকে ৩১টি AK-47 রাইফেল, একটি সিঙ্গাপুরে তৈরি লাইট মেশিনগান, যুক্তরাষ্ট্রে তৈরি একটি ব্রাউনিং অটোমেটিক রাইফেল, ৮০৯ রাউন্ড গুলি এবং ৩২টি ম্যাগাজিন উদ্ধারের বিষয়টি উঠে আসে বলে তিনি জানান।

এসিএইচআর-এর প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনার তুলে ধরে বলা হয়েছে, অস্ত্রধারণের অভিযোগে একজন মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পিসিজেএসএসের নেতৃত্বের ক্ষেত্রে একই ধরনের জবাবদিহি নিশ্চিত করা হয়নি।

সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতো আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নেতৃত্ব ও কার্যক্রমে আইনের শাসন এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংস্থাটির মতে, পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি শুধু নিরাপত্তার বিষয় নয়; এটি বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগের প্রশ্নও। বিশেষ করে আঞ্চলিক পরিষদের নেতৃত্বে থাকা সংগঠনগুলোর ক্ষেত্রেও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছে সংস্থাটি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More