খাগড়াছড়িতে মাদকবিরোধী বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ জুন ২০২৬
“মাদক বিস্তারের মাধ্যমে সমাজ-জাতি ধ্বংসের চক্রান্ত রুখো” শ্লোগানে ‘সর্বনাশা মাদকের বিরুদ্ধে জনসচেতনতাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) সকালে ‘খাগড়াছড়ি মাদক বিরোধী ছাত্র-যুব কমিটি’র ব্যানারে খবংপুজ্জে এলাকায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাধারন শিক্ষার্থী তেরেসা চাকমা, অভিভাবক উর্মি চাকমা ও বিশিষ্ট মুরুব্বি উদয় জীবন চাকমা।
বক্তারা বলেন, খাগড়াছড়ির বিশেষত শহর এলাকায় দিন দিন মাদক বেড়ে চলেছে। যার ফলে ছাত্র ও যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, ব্যক্তি, পরিবার ধ্বংস হচ্ছে। সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই ও নারী সহিংসতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

প্রশাসনের সমালোচনা করে বক্তারা বলেন, প্রশাসনের নাকের ডগায় ইয়াবার কারবার চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। যার ফলে মাদক নিয়ন্ত্রন হচ্ছে না। দিন-দুপুরে প্রকাশ্যে মাদকের কারবার সত্যিই উদ্বেগজনক।
বক্তারা মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে এই অবৈধ মাদক কারবার বন্ধ করার আহ্বান জানান। একই সাথে তারা মাদক নিয়ন্ত্রনে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
