নেতা-কর্মী হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে লক্ষীছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

রামগড় ও দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরা ও সুজন চাকমাকে হত্যা এবং মাটিরাঙ্গা ও রামগড়ে ৪ ইউপিডিএফ সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ লক্ষীছড়ি ইউনিট।

আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকাল ৩টায় লক্ষীছড়ি উপজেলাধীন হুদুকছড়ি বাজারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে পিসিপির লক্ষীছড়ি উপজেলা সভাপতি প্রাচুর্য চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা ও পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের নেতৃত্বে চলমান ন্যায্য গণআন্দোলন ভণ্ডুল করে দেয়ার জন্য সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট জেএসএস সন্তু গ্রুপসহ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দিয়ে একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মী হত্যা এবং অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। আজ সকালেও গুইমারায় ইউপিডিএফ নেতা ঝিমিত চাকমার ওপর সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে তাকে আহত অবস্থায় আটক করা হয়েছে।

বক্তারা সাম্প্রতিক ঘটনা তুলে ধরে বলেন, গত ২৪ জুন রামগড়ে সেনাবাহিনী গুলি করে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরাকে হত্যা করে এবং মংসানু মারমা জীবনকে আহত অবস্থায় গ্রেফতার করে। একই দিন দীঘিনালায় জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য সুজন চাকমাকে গুলি করে হত্যা করেছে। গত ২৫ জুন মাটিরাঙ্গায় সেনাবাহিনী ৩ ইউপিডিএফ সদস্যকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ নিপীড়িত জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। তাই জনগণকে সাথে নিয়ে সকল অন্যায়-অবিচার, দমন-পীড়নের বিরুদ্ধে ইউপিডিএফ আন্দোলন চালিয়ে যাবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ইউপিডিএফের ওপর দমন-পীড়ন, হত্যা ও অন্যায়-অবিচার বন্ধের দাবি জানান এবং গ্রেফতারকৃত ইউপিডিএফ সদস্যদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More