গুইমারার তিন শহীদ আখ্র, আথুইপ্রু ও থৈইচিং-এর স্মরণে রামগড়ে কালো পতাকা উত্তোলন

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
গুইমারার রামেসু বাজার হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে রামগড় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, অফিস ও যানবাহনে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

আজ সকাল ৮টা থেকে রামগড় উপজেলার গুজা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মরাকল্যা পাড়ার দোকান, হাচুক পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচুক পাড়ার বিভিন্ন দোকানপাট, তৈচাকমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বেলছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আচলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও দোকানপাটে কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া মোটরসাইকেল, জীপগাড়ি ও অন্যান্য যানবাহনেও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে তিন শহীদের স্মরণে শোক ও শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, খাগড়াছড়ির সিঙ্গিনালায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষকে গ্রেফতার ও বিচারের দাবিতে গত বছর (২০২৫) গুইমারায় রামেসু বাজারে জুম্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ পালনকালে সেনা-সেটলাররা পাহাড়িদের ওপর হামলা চালায়। এতে সেনাবাহিনীর গুলিতে তিন মারমা যুবক আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন, বহু মানুষ আহত হন এবং সেটলাররা পাহাড়িদের দোকানপাট-ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এক বছরেও হামলাকারী সেনা-সেটলারদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
