বৈ-সা-বি উপলক্ষে ইউপিডিএফের শুভেচ্ছা বার্তা : ঐক্যের চেতনা সংহত করে আন্দোলন জোরদার করার আহ্বান

0


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহান সামাজিক উৎসব বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-সাংগ্রাইং-সাংলান-সাংক্রাই-চাংক্রান-বিষু-বিহু-বিঝু …) উপলক্ষে সকল পার্বত্যবাসী ও বিদেশে প্রবাসী পাহাড়িদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা।

‘পার্বত্য চট্টগ্রামসহ দেশে এবং বিদেশের যে যে প্রান্তেই থাকুন, বছর পরিক্রমায় এ বিশেষ দিনে প্রতিটি জুম্মো/পাহাড়ি নিজেদের মধ্যে একাত্মতাবোধ করেন এবং এই ঐক্যের চেতনাই প্রতিটি জাতির শক্তির মূল উৎস’ বলে মন্তব্য করে ইউপিডিএফ নেতা সবাইকে বৈ-সা-বি’র প্রাণঢালা শুভেচ্ছা জানান।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) প্রদত্ত শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘স্ব স্ব ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে প্রতিটি জাতি নিজেদের জাতীয় পরিচিতি তুলে ধরে থাকে, পার্বত্য চট্টগ্রামের জাতিগুলোও তার ব্যতিক্রম নয়। ভোরে শিশুদের ফুল দিয়ে বাড়ি সাজানো থেকে শুরু করে শিল্পীর রঙ-তুলি, বাদকের বাজনা, নৃত্য-সঙ্গীত শিল্পী-সাহিত্যিক, কলা-কুশলী ও রন্ধনশিল্পী প্রত্যেকেই স্ব স্ব উৎকর্ষতা দিয়ে একটি উৎসবকে পূর্ণতা দিয়ে থাকেন। পার্বত্য চট্টগ্রামেও কিছু মাত্রায় তার চর্চা ও অনুশীলন হচ্ছে, যা আশাব্যঞ্জক।’

পাহাড়ের বৈ-সা-বি উৎসবের আনন্দ-ফূর্তি নিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেল, পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যত ধরনের প্রচার-প্রোপাগান্ডাই চালানো হোক না কেন, এটা বাস্তব সত্য যে, বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হলেও পার্বত্য চট্টগ্রামের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে ইউপিডিএফ নেতা মন্তব্য করেন এবং বলেন, ‘পাহাড়ে আগের মতোই অবর্ণনীয় দমন-পীড়ন জারি রয়েছে। ৯ এপ্রিল খাগড়াছড়িতে এক ইউপিডিএফ কর্মী সেনাসৃষ্ট সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। বিভিন্ন স্থানে সেনা টহলের নামে জনগণকে হয়রানি করা হচ্ছে এবং সার্বিকভাবে পাহাড়িদের জীবনে নিরাপত্তাহীনতা ও নিরানন্দময় পরিস্থিতি বিরাজ করছে।’

এতৎসত্ত্বেও বছরের একটি দিন জনগণ সকল দুঃখ বেদনা ভুলে কিছুটা হলেও আনন্দ উৎসবে সামিল হবেন বলে ইউপিডিএফ নেতা আশাবাদ ব্যক্ত করেছেন।

পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক অধিকার অর্জিত হলে তবেই পাহাড়িরা প্রকৃত আনন্দ উৎসব করতে পারবে বলে শুভেচ্ছা বার্তায় ইউপিডিএফ নেতা মন্তব্য করেন এবং বৈ-সা-বি উৎসবের ঐক্যের চেতনাকে সংহত করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More