সিরাজগঞ্জে সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণকারী কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ির লক্ষীছড়িতে বদলি!

0
কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
সোমবার, ২৯ জুন ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কামারখন্দে গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে ময়লা-আবর্জনামিশ্রিত মাটির বর্জ্য বিতরণের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হলো।

রবিবার (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলির আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ জুলাই থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুন কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণের পাশাপাশি প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি করে জৈব (গোবর) সার দেওয়ার কথা ছিল। তবে কৃষকদের অভিযোগ, সারের বস্তা খুলে তারা গোবরের পরিবর্তে ময়লা-আবর্জনা ও বর্জ্য মিশ্রিত মাটি দেখতে পান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেক কৃষক সার না নিয়ে শুধু গাছের চারা নিয়ে ফিরে যান। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

পরে ২৫ জুন জেলা প্রশাসন থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। (সূত্র: বাংলা ট্রিবিউন)

এদিকে, দেশের সমতল অঞ্চলে অনিয়ম-দুর্নীতিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সরকারি কর্মকর্তাদের শাস্তিস্বরূপ পার্বত্য চট্টগ্রামে বদলী করা নিয়ে দীর্ঘদিন ধরে নান প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম অনিয়ম-দুর্নীতিবাজদের ‘ডাম্পিং জোন’ কি-না অনেকে প্রশ্ন তুলছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More