রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে লক্ষীছড়িতে বিক্ষোভ

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাঙামাটির কুদুকছড়িতে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা‌ ও দুই নারীকে গুলিবিদ্ধ করে আহত করার প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল করেছে তিন সংগঠন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের যৌথ উদ্যোগে লক্ষীছড়ি উপজেলাধীন বর্মাছড়ি ইউপির হুদুকছড়ি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিল পরবর্তী সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রুপায়ন চাকমার সজ্ঞালনায় বক্তব্য দেন, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরন দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি জয় চাকমা, হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক এলি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের লক্ষীছড়ি উপজেলা সদস্য অংক্র মারমা।


বক্তারা ধর্মশিং চাকমাকে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড় সামাজিক উৎসব “বৈসাবি” উৎসবমুখর পরিবেশে পালনের পর পরই সন্তু লারমার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী কর্তৃক যুবনেতা ধর্মশিং চাকমাকে হত্যার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। কাপুরুষোচিত এ হত্যার ঘটনা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।


তারা আরো বলেন, আজ সকালে সন্তু লারমার পোষ্য একদদল সশস্ত্র সন্ত্রাসী রাঙামাটির কুদুকছড়ি আবাসিক গ্রামের নিজ বাড়িতে ধর্মশিং চাকমাকে হামলা করতে যায়। এ সময় তিনি বাড়ি থেকে সরে যেতে পারলেও সন্ত্রাসীদের হাত থেকে রেহায় পাননি। সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তার আপন বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমাকেও গুলি করে গুরুতর আহত করে।

বক্তারা সন্তু লারমার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে যুবনেতা ধর্মশিং চাকমা’র খুনীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More