পানছড়ি যুবনাশ্ব পাড়ার সেই পরিত্যক্ত বাড়িতে আবারও সেনাবাহিনীর তল্লাশি!

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৬ মে ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনাশ্ব পাড়ার সেই পরিত্যক্ত বাড়িটিতে সেনাবাহিনী আবারও তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে অন্তত ৭-৮ বার ঐ বাড়িতে তল্লাশি চালানো হলো।

স্থানীয় গ্রামবাসীরা জানান, আজ বুধবার (৬ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার সময় চেঙ্গী ইউনিয়নের জগৎ মোহন পাড়ার সমিতি আমবাগানে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প থেকে ২২ জনের একটি সেনাদল পায়ে হেঁটে জগৎসেন পাড়া হয়ে যুবনাশ্ব পাড়ায় হানা দেয়।

পরে সেনারা সেই পরিত্যক্ত বাড়িটি ঘেরাও করে ভিতরে ঢুকে তল্লাশি চালায়। যদিও বাড়িটিতে এখন আর কোন লোকজন থাকেন না। এ নিয়ে গত ১৫-১৬ মাসে অন্তত ৭-৮ বার সেই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে পাড়াবাসীরা জানিয়েছেন।

পাড়াবাসীরা আরও জানান, বাড়ির মালিক ৩-৪ বছর আগে বাড়িটি ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যান। সেই থেকে বাড়িটি খালি অবস্থায় রয়েছে। তবে গত কয়েক মাস আগে এক ব্যক্তি ওই বাড়িতে কিছুদিন থাকলেও বার বার সেনাবাহিনীর তল্লাশির কারণে তিনিও বাড়িটি ছেড়ে চলে গেছেন। বর্তমানে আর কোন লোকজন সেখানে থাকেন না। কিন্তু সেনা সদস্যরা বার বার কেন ওই পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালায় তারা বুঝতে পারছেন না বলে জানান পাড়াবাসীরা।   

বার বার তল্লাশি চালালেও সেনারা সেখান থেকে অবৈধ কোন জিনিস উদ্ধার করতে পারেন না। আজও সেখান থেকে তারা অবৈধ কোন কিছু পায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, আগে একবার তল্লাশি চালিয়ে বাড়িটিতে থাকা কিছু গৃহস্থালি সরঞ্জাম লুটে নিয়েছিল সেনা সদস্যরা।

অপরদিকে, গত ১ মে থেকে বিপুল সংখ্যক সেনা সদস্য জগৎমোহন পাড়ার সমিতি আমবাগান ও লোগাং ইউনিয়নের চিকনচান পাড়ার পুরানো বিজিবি ক্যাম্পের টিলায় তাঁবু খাটিয়ে অস্থায়ী ক্যাম্প বানিয়ে ইউপিডিএফের সাংগঠনিক এলাকায় অভিযান পরিচালনা করছে। এতে তারা সাধারণ জনগণের ঘরবাড়িতে তল্লাশি-হয়রানিসহ নিপীড়ন চালাচ্ছে। কিন্তু ধুধুকছড়া, মাচ্ছ্যছড়া, হারুবিল এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা প্রকাশ্যে অবস্থান করলেও তারা এ যাবৎ সেখানে কোন অভিযান পরিচালনা করেনি। ফলে সন্তু গ্রুপের সাথে সেনাবাহিনীর যোগসাজশ নিয়ে এলাকার জনমনে নানা সন্দেহ ও প্রশ্ন দেখা দিয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More