লোগাঙ গণহত্যার স্মরণে কুদুকছড়িতে তিন সংগঠনের স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

লোগাঙ গণহত্যার ৩৪তম বার্ষিকীতে নিহতদের স্মরণে রাঙামাটির সদর উপজেলার কুদুকছড়িতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন করেছে তিন সংগঠন।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকাল ৫টার সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।

“পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ কর, অপারেশন উত্তরণের নামে সেনা অভিযান ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ করে লোগাঙ গণহত্যাসহ ডজনের অধিক হত্যাকাণ্ডের বিচার ও শ্বেতপত্র প্রকাশ কর” এসব শ্লোগানে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি চয়ন চাকমা।

গণতান্ত্রিক যুব ফোরামের সদর উপজেলার সভাপতি বিপ্লব চাকমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিতা চাকমা ও এলাকার মুরুব্বি প্রতিনিধি তপন চাকমা।

স্মরণ সভা শুরুতে ১৯৯২ সালের ১০ এপ্রিল লোগাং গণহত্যার নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ছাত্রনেতা চয়ন চাকমা বলেন, ১৯৯২ সালের ১০ এপ্রিল সংঘটিত লোগাঙ গণহত্যা পার্বত্য চট্টগ্রামে ইতিহাসে স্মরণকালের ভয়াবহ গণহত্যা, যাতে দেশের রাষ্ট্রীয় বাহিনীর নেতৃত্বে ১২০০ মানুষকে হত্যা করা হয় বলে ধারণা করা হয়। এই দেশে শাসকরা শুধু হত্যাকাণ্ড নয়, তারা নারী নির্যাতন, ভূমি বেদখলসহ অন্যায় দমন-পীড়ন করে চলছে। পার্বত্য চট্টগ্রামে এ যাবত যতগুলো বড় বড় গণহত্যা সংঘটিত হয়েছে সবগুলো বিএনপির শাসনামলে হয়েছে। কিন্তু মানুষ ইতিহাস না জেনে, ব্যক্তি, দলীয় সুবিধা পাওয়ার আশায় বিএনপি রাজনীতিতে জড়াচ্ছে।

তিনি জাত ধ্বংসকারী বিএনপি রাজনীতিতে জুম্মদের না জড়ানোর জন্য আহ্বান জানান এবং লোগাঙ গণহত্যাসহহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার ও পার্বত্য চট্টগ্রামে অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানান।


হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিতা চাকমা বলেন, লোগাঙ গণহত্যা এমন সময় ঘটেছিল, যখন প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি’র জন্য পাহাড়িরা প্রস্তুতি নিচ্ছিল।  দীর্ঘ ৩৪ বছরেও লোগাঙ গণহত্যার বিচার যেমন হয়নি, একইভাবে পার্বত্য চট্টগ্রামে ডজনের অধিক সংঘটিত গণহত্যারও কোন বিচার আমরা আজো পাইনি। তিনি পার্বত্য চট্টগ্রামের সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

এলাকার মুরুব্বি প্রতিনিধি তপন চাকমা বলেন, দীর্ঘ যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামে গণহত্যা চলছে। কিন্তু কোন সরকারের আমলে এসব ঘটনার বিচার হয়েছে শুনিনি। তিনি এসব গণহত্যার বিচারের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভা শেষে লোগাঙ গণহত্যার ওপর নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শন করার পর গণহত্যায় নিহতদের স্মরণ প্রদীপ প্রজ্বলন করা হয়।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More